বরং দূরত্বই শ্রেয়

আমাদের জন্যে দূরত্বটাই বরং শ্রেয়।

নিজের কষ্ট মানুষ কোনো না কোনোভাবে সহ্য করে নেয়।
নিজেকে বোঝায়, নিজেকেই সান্ত্বনা দেয়,
রাতের অন্ধকারে নিঃশব্দে কাঁদে—
তারপরও বেঁচে থাকে।

কিন্তু প্রিয় মানুষটার কষ্ট?

সেটা সহ্য করা যায় না।

খুব কাছ থেকে প্রিয় মানুষটাকে ভেঙে যেতে দেখা,
তার চোখের নিচে জমে থাকা ক্লান্তি দেখা,
তার হাসির আড়ালে লুকিয়ে থাকা দীর্ঘশ্বাসগুলো টের পাওয়া—
এসবের চেয়ে ভয়ংকর শাস্তি বোধহয় আর নেই।

নিজের অসুখী জীবনটাকে মেনে নেওয়া যায়।
কিন্তু যাকে ভালোবাসি,
তার অসুখী জীবনটা মেনে নেওয়া যায় না।

আমি যখন কষ্ট পাই,
সে অস্থির হয়ে ওঠে।
আমার চোখের জল তার সহ্য হয় না।

অথচ আমিও তো পারি না—
তার চোখে সেই একই অন্ধকার দেখতে।

তাই রাগ হয়, অভিমান হয়,
কখনো নিজের ওপর, কখনো ভাগ্যের ওপর।

রাগ, অভিমান, কান্না—সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়

বুকের ভেতর জেঁকে বসে সমাধানহীন এক সীমাহীন কষ্ট।
মনে হয়, এত ভালোবাসার পরও
কেন মানুষটাকে সুখী করতে পারলাম না?

কেন তার ভাগ্যে এমন কিছু লিখে রাখা হলো,
যার সামনে দাঁড়িয়ে আমি শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকব?

এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই।

শুধু আছে একরাশ নীরবতা।
আর আছে বুকের ভেতর জমে থাকা
একটা দীর্ঘ, অসহ্য হাহাকার।

তাই হয়তো দূরত্বটাই ভালো।

সে থাকুক তার পৃথিবীতে,
আমি থাকি আমারটায়।
চোখের আড়ালে থাকুক,
অজানায় থাকুক।

না হয় নাই জানলাম—
আজ তার দিন কেমন গেল।
না হয় নাই জানলাম—
রাতে ঘুম হলো কি না।
না হয় নাই দেখলাম—
হাসির আড়ালে আবারও কোনো কষ্ট লুকিয়ে আছে কি না।

কারণ সবকিছু জেনে ফেলেও
যদি কিছুই করতে না পারি,
তবে সেই জানা শুধু কষ্টই বাড়ায়।

কখনো কখনো ভালোবাসার সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হলো—
ভালোবাসি বলেই দূরে সরে যাওয়া।

কাছে থাকলে যদি তার কষ্ট আমার কষ্ট হয়ে যায়,
আর আমার কষ্ট যদি তার জীবনকে আরও ভারী করে তোলে,
তবে দূরত্বই হয়তো শেষ আশ্রয়।

তাই থাকুক না আমাদের মাঝে
একটা অসীম দূরত্ব।

কথা না হোক,
খোঁজ না নেওয়া হোক,
একজন আরেকজনের জীবনের গল্প
অজানাই থেকে যাক।

শুধু সে ভালো থাকুক।

আমাকে ছাড়া হলেও ভালো থাকুক।

কারণ শেষ পর্যন্ত
ভালোবাসা মানেই তো কাউকে নিজের করে পাওয়া নয়—
কখনো কখনো ভালোবাসা মানে
নিজের সমস্ত অধিকার ছেড়ে দিয়ে
দূর থেকে তার ভালো থাকার জন্য প্রার্থনা করা।

আর যদি কোনোদিন হঠাৎ মনে পড়ে—
তবে শুধু এটুকুই মনে করো,

কেউ একজন তোমাকে ভীষণ ভালোবেসেছিল।
এতটাই ভালোবেসেছিল যে,
তোমার কষ্ট দেখতে না পারার জন্য
তোমার কাছ থেকেই দূরে সরে গিয়েছিল।

তাই—

বরং দূরত্বটাই শ্রেয়।

কিছু ভালোবাসা কাছে থাকলে বাঁচে না,
দূরে থাকলেই শুধু
স্মৃতি হয়ে বেঁচে থাকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপূর্ণতার গল্প

পিচ্চি বলতে কিছুই নেই,সবাই সব কিছু বোঝে..

Tumi chaile piran khan Ft. Jony