তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত—
তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত—
সময়ের ভাঙা সেতুর ওপারে দাঁড়িয়ে
আমি শুধু দেখেছি
চাওয়া আর না-পাওয়ার ভিড়ে
মানুষ কেমন ধীরে ধীরে একা হয়ে যায়।
তুমিও কি হারিয়েছো কাউকে
আমার মতো গভীর কোনো সন্ধ্যায়?
তুমিও কি ভিড়ের মাঝখানে
হঠাৎ থেমে গিয়ে খুঁজে ফিরো
একটা পরিচিত মুখ,
যে মুখে একসময় পৃথিবীর সব শান্তি ছিল?
আমি আজও তোমাকে খুঁজি —
বৃষ্টিভেজা জানালায়,
নিস্তব্ধ রাতের বাতাসে,
পুরোনো মেসেজের অক্ষরে,
অথবা কোনো অচেনা মানুষের চোখে
হঠাৎ তোমার ছায়া দেখে চমকে উঠি।
তুমি কি এখন বুঝো
কাউকে হারানোর বেদনা কেমন?
কেন রাত গভীর হলে
মানুষ নিজের সাথেই কথা বলে?
কেন ভেতরে ভেতরে ভেঙে যেতে যেতে
তবুও হাসতে হয় সবার সামনে?
কেমন আছি আমি-
এই প্রশ্নের উত্তর আজকাল
আমিও ঠিক জানি না৷
শুধু জানি,
তোমার অনুপস্থিতি নামের এক দীর্ঘ শীত
এখনও আমার ভেতরে নীরবে তুষার ঝরায়।
আর আমি—
একটা অসমাপ্ত ভালোবাসার মতো
আজও অপেক্ষায় আছি,
হয়তো তুমি কোনোদিন ফিরে তাকাবে বলে।
তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন